শিবির সন্দেহে তিন ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত বুধবার রাতে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চুয়েটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।মারধরের শিকার হওয়া শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মারুফ-উজ-জামান, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের আজিজার রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শাহ্ আলম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে শিবিরের দুই কর্মী নিহত হওয়ার পর শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মারুফ তাঁর দুই বন্ধু আজিজার ও শাহ আলমকে নিয়ে চুয়েটের ড. কুদরাত-এ-খুদা হলে তাঁর ছোট ভাই মুজাহিদ-উজ-জামানের কক্ষে ওঠেন। পরে আজিজার ও শাহ আলমকে নতুন হলে চুয়েট শাখা শিবিরের সভাপতি মোসলেহ উদ্দিনের কক্ষে ওঠার জন্য বলেন মুজাহিদ। তাঁরা নতুন হলে গিয়ে ছাত্রলীগের কর্মীদের কাছে শিবিরের সভাপতির কক্ষ কোথায় জানতে চান। ছাত্রলীগের কর্মীদের প্রশ্নের মুখে একপর্যায়ে তাঁরা হঠাৎ দৌড় দেন। ছাত্রলীগের কর্মীরা শিবিরকর্মী সন্দেহে তাঁদের ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করেন। ছাত্রলীগের কর্মীরা কুদরাত-এ-খুদা হলে গিয়ে মারুফকেও মারধর করেন। পরে ওই হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কর্মচারীদের অতিথিকক্ষে তাঁদের থাকার ব্যবস্থা করেন।