শিবির সভাপতিকে পুলিশে দিলেন ছাত্রলীগের নেতা
নেত্রকোনায় গতকাল বুধবার জেলা ছাত্রশিবিরের সভাপতিকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের সহসভাপতি। তবে পুলিশের দাবি, শিবিরের সভাপতি মনোয়ার হোসেনকে তারাই আটক করেছে। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকায়। জানা গেছে, মনোয়ার জেলা শহরের বনুয়াপাড়া এলাকায় ছাত্রশিবির-নিয়ন্ত্রিত ছাত্রাবাসে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি টঙ্গী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন। গতকাল বেলা সোয়া তিনটায় ছাত্রলীগের সহসভাপতি শফিক আহম্মেদ ইসলামী ব্যাংক কার্যালয়ে যান। তখন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মনোয়ার হোসেন ব্যবস্থাপকের কক্ষে বসে আলাপ করছিলেন। এমন সময় শফিক তাঁকে ডেকে ব্যাংক ভবনের নিচতলায় নিয়ে পুলিশে সোপর্দ করেন। ছাত্রলীগের সহসভাপতি শফিক আহম্মেদ বলেন, ‘দেশ, মাটি, মায়ের বিপক্ষে যাতে না যান, সে আহ্বান জানিয়ে তাঁকে পুলিশে দিয়েছি।’ নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘১১ ডিসেম্বর ১৮ দলের ডাকা হরতালের দিনে পৌর এলাকার বাহির চাপড়ায় গাড়ি পোড়ানোর মামলায় আমরাই মনোয়ারকে আটক করেছি।’