শিবির সভাপতির বক্তব্য নিয়ে কোনো কথা বললেন না আজহার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করার হুমকি দিয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দেওয়া বক্তব্য সম্পর্কে কোনো কথা বললেন না জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এ বিষয়ে তাঁকে প্রশ্ন করলেও তিনি এ প্রসঙ্গে কিছু বলেননি।রাজধানীর মিরপুর থেকে গত বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানসহ ২০ জনকে গ্রেপ্তারের ঘটনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এ টি এম আজহার। তিনি নতুন কর্মসূচিও ঘোষণা করেন। বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করার কথা বলেছেন। জামায়াতও কি তা চায়?—এ প্রশ্নে আজহারুল ইসলাম বলেন, ‘আমরা যা বলি, সব তো পত্রিকায় আসে না। আজ যা বলছি সে প্রসঙ্গেই থাকি। অন্য প্রসঙ্গে আপাতত কথা না বলি।’ তাঁর বক্তব্য কি সমর্থন করেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে যা বললাম, কথা তার মধ্যে সীমাবদ্ধ করি। আশা করব, এর মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন।’প্রসঙ্গত, বৃহস্পতিবার জামায়াতের এক আলোচনা সভায় রেজাউল করিম বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, আপনাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হবে।’গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ টি এম আজহার বলেন, জামায়াতের নেতাদের কাছ থেকে বোমা পাওয়া গেছে, এটা নির্লজ্জ মিথ্যাচার। সরকারি দলের লোকেরা যেভাবে মারামারি করছে, তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার এ নাটক সাজিয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদি বই উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘জিহাদি বই বলতে তাঁরা কী বুঝিয়েছেন? তারা যেকোনো ইসলামি বই পেলেই বলেন জিহাদি বই। জিহাদি বই রাখা কি নিষিদ্ধ? সরকার কি কোনো জিহাদি বই বা ইসলামী বই রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে?...কমিউনিস্ট মতাদর্শের বহু পুস্তকে কমিউনিস্ট বিপ্লবের জন্য উৎসাহিত করা হচ্ছে। সেগুলোতে সশস্ত্র বিপ্লবের কথাও বলা হয়েছে। সেগুলো কমিউনিস্ট পার্টির লোকেরা ঘরে রেখে অধ্যয়ন করছে। সেগুলো ঘরে রেখে বা পাঠাগারে রেখে অধ্যয়ন করা গেলে জিহাদি বই ঘরে রেখে অধ্যয়ন করা যাবে না কেন?’কর্মসূচি: জামায়াতের শীর্ষস্থানীয় নেতাসহ দলের কর্মী-সমর্থকদের মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন এ টি এম আজহার। কর্মসূচির মধ্যে আছে আজ শনিবার সভা-সমাবেশ এবং কাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ।