ইসলামী ছাত্রশিবিরের কর্মী অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে দুই ছাত্রকে পিটিয়ে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।ওই দুজন হলেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ইমরান হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের রফিকুল ইসলাম। তাঁরা হলের ৪০০৭ নম্বর কক্ষের বাসিন্দা।হলের ছাত্ররা জানান, রাত দেড়টার দিকে হল শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী ইমরান ও রফিকুলকে জিজ্ঞাসাবাদ ও মারধর করেন। পরে হলের অতিথিকক্ষে এনে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে হল শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রিয়াজউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল কবিরও ছিলেন। এ সময় আবারও তাঁদের মারধর করা হয়। এরপর সবকিছু রেখে তাঁদের হল থেকে বের করে দেওয়া হয়।এ বিষয়ে শামসুল কবির বলেন, ওই দুজনের কাছে শিবিরের জিহাদি বই পাওয়া গেছে। হলের শৃঙ্খলার খাতিরে তাঁদের বের করে দেওয়া হয়েছে। হল প্রাধ্যক্ষ আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তাঁরা শিবিরকর্মী হলেও কাউকে বের করে দেওয়ার এখতিয়ার ছাত্রলীগকে দেওয়া হয়নি। এ কাজ প্রশাসনের। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’