শিবিরকর্মী সন্দেহে আটকদের ছাড়াতে ছাত্রলীগের তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছাত্রশিবির পরিচালিত কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে সন্দেহজনকভাবে ২৫জনকে আটক করেছে পুলিশ। আটক কয়েকজনকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এসময় পুলিশের সঙ্গে ওই নেতাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
আজ শনিবার দুপুরে নগরের পাঁচলাইশ থানাধীন কিং অব চিটাগং কমিউনিটি সেন্টার থেকে শিবিরকর্মী সন্দেহে তাঁদের আটক করা হয়। সেখানে শিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। তাঁরা সেখানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে পাঁচলাইশ অঞ্চলের সহকারি পুলিশ কমিশনার আবদুর রউফ অভিযোগ করেন। আটককৃতদের মধ্যে কিছু এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর থানায় এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এসময় নগর আওয়ামী লীগ নেতা আজম নাছির উদ্দিনের অনুসারী সাবেক ছাত্রলীগ নেতা দিদারুল আলম গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। দিদারুল এসময় ওসির কাছে জানতে চান ‘আমার এসএসসি উত্তীর্ণ ভাইপোকে কেন আটক করেছেন? তাঁকে ছেড়ে দেন। আমি নগর ছাত্রলীগের সাবেক নেতা।’

এ সময় কয়েকজন উপপরিদর্শক দিদারকে নিয়ে গিয়ে কর্তব্যরত কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখেন। এর কিছুক্ষণ পর বাকলিয়াস্থ চিটাগং কমার্শিয়াল ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক ভিপি ওসমান গনি থানায় যান। এ সময় পুলিশ তাঁকে ফটকে বাধা দিলে বাগবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে এক পুলিশ সদস্য ওসমানের ওপর চড়াও হন।

সংবাদ পেয়ে আজম নাছিরের অনুসারী নগর ছাত্রলীগের সাবেক নেতা হাসান মুরাদ ওরফে বিপ্লব আরও কয়েকজনসহ থানায় যান। এসময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতারা ওসির সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। ছাত্রলীগ নেতাদের কেন মারধর করা হলো তা উত্তেজিতভাবে ওসির কাছে জানতে চান হাসান।
থানায় গিয়ে ছাত্রলীগ নেতারা কেন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হলো—জানতে চাইলে হাসান মুরাদ বিপ্লব প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভাইপোকে আটক করেছে বলে দিদার থানায় এসেছিল। কিন্তু ছাত্রলীগ বলে তো পুলিশ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। এছাড়া ওসমানকে এভাবে মারার কোনো অধিকার কী পুলিশের আছে। তবে বিষয়টি দুই পক্ষের ভুল বোঝাবুঝিতে হয়েছে। আমরাও চাই শিবিরের নাশকতা বন্ধ হোক।’

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা যেটা করেছে সেটা দুঃখজনক। আমরাও কোনো নিরপরাধ ছাত্রকে রাখব না। কিন্তু যাচাই বাছাইয়ের সময়টাতো দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রবাহ কোচিং সেন্টারের আড়ালে আগামী কালকের হরতালের সময় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল শিবির। তাই আমাদের উপস্থিত টের পেয়ে তাঁরা পালিয়ে যাচ্ছিল।’