শিবিরকর্মী সন্দেহে ৬ ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে গতকাল বুধবার ছয়জন ছাত্রকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।
ওই ছয় শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইকরামুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. নাঈম, আইন বিভাগের আবু তালেব, ইতিহাস বিভাগের বদরুল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের ইয়াসিন আরাফাত ও সাখাওয়াত হোসেন। এঁদের মধ্যে প্রথম দুজন স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র, বাকিরা চতুর্থ বর্ষে পড়েন।
ছাত্রলীগের জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক আল-নাহিয়ান খান প্রথম আলোকে বলেন, সন্দেহজনকভাবে হলের ১২০ নম্বর কক্ষ থেকে প্রথমে সাখাওয়াতকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শিবিরের রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ মিললে বাকি পাঁচজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে থানায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতি করা নিষিদ্ধ। আটক ছাত্ররা এর সঙ্গে জড়িত থাকায় তাঁদের শাহবাগ থানায় দেওয়া হয়েছে।
জানা গেছে, পুলিশ আহত অবস্থায় ওই ছয় ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।