শিবিরকর্মীদের আশ্রয় দেওয়া কর্মকর্তাদের শাস্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের কোয়ার্টারে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের আশ্রয় দেওয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে জাতীয় সংসদের সংসদ কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে অর্থসচিব ফজলে কবীর, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ ও জনপ্রশাসনসচিব আবদুস সোবাহান সিকদার উপস্থিত না হওয়ায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। সংসদ ভবন এলাকায় নিরাপত্তার জন্য পুলিশের পৃথক শাখা ‘পার্লামেন্ট প্রটেকশন ব্যাটালিয়ন’ গঠন নিয়ে আলোচনার জন্য তাঁদের বৈঠকে ডাকা হয়েছিল।বৈঠক শেষে কমিটির সভাপতি সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, সচিবেরা উপস্থিত না হওয়ায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রণালয়ের জবাবদিহির জন্য সচিবই প্রধান দায়িত্বশীল ব্যক্তি। তাঁর জায়গায় অন্য কর্মকর্তাদের বক্তব্য কমিটির সদস্যরা শুনতে চাননি।সূত্র জানায়, বৈঠকে গত রোববার দিবাগত রাতে আগারগাঁও এলাকায় সংসদের কর্মকর্তাদের কোয়ার্টার থেকে শিবিরের চারজন কর্মীর গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি শিবিরের কর্মীদের আশ্রয় দেওয়া কর্মকর্তাদের বিষয়ে অবহিত করে স্পিকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া সংসদ সদস্য ভবনে বসবাসরত সদস্যদের পরিচয়পত্র গ্রহণসহ বরাদ্দপ্রাপ্তদের বাসায় যাতে কোনো বহিরাগত আশ্রয় নিতে না পারে, তা নিশ্চিত করারও সুপারিশ করা হয়।আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হুইপ আ স ম ফিরোজ, হুইপ সাগুফতা ইয়াসমিন, হাফিজ উদ্দিন আহম্মেদ, আবদুল কুদ্দুস, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, আতিউর রহমান আতিক এবং এম এ মান্নান উপস্থিত ছিলেন। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।