পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ-সমর্থক নেতা-কর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের ওপর ছাত্রশিবিরের কর্মীদের হামলার প্রতিবাদে গত মঙ্গলবার ওই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য মিছিল ও সভা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ-সমর্থকেরা বিক্ষোভ মিছিল নিয়ে এম কেরামত আলী হলে গিয়ে দুমকি উপজেলা ছাত্রশিবিরের সভাপতির কক্ষ ভাঙচুর করে। পরে তারা শের-ই-বাংলা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও অর্থসম্পাদকের কক্ষেও ভাঙচুর চালায়। রাত ১০টায় কথাকাটাকাটির জের ধরে ক্যাম্পাসে ছাত্রলীগ-সমর্থক জুয়েলের পক্ষের কর্মী মাধবচন্দ্র শীলের সঙ্গে শাকিল-খালিদপক্ষের নেতা সোহাগ মাহমুদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর খালিদ-শাকিলের পক্ষের কর্মীরা ক্যাম্পাস থেকে জুয়েলের পক্ষের কর্মীদের বের করে দেয়।