শিবিরকর্মীদের বহিষ্কার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় থেকে ছাত্রশিবিরের কর্মীদের বহিষ্কারের দাবিতে ছাত্রলীগ কলেজ শাখা গত শনিবার দুপুর ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কলেজ ছাত্রলীগের নেতা ও ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি মাসরেফুল ইসলাম সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কামাল মোস্তফার সভাপতিত্বে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সাইদ আহম্মেদ, নাজমুস সাকিব, রবীন্দ্রনাথ সরকার, আনিসুর রহমান, নূপুর পাল, মৌসুমী মণ্ডল প্রমুখ।বক্তারা অবিলম্বে মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকে বহিষ্কার করার দাবি জানান। একই সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেয়ারও হুমকি দেন।মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ফয়জুল্লাহ বলেন, ‘ছাত্রলীগ আমাদের কাছে চাঁদা দাবি করেছিল। তার প্রতিবাদ করায় তারা আমাদের মারধর করে পুলিশে ধরিয়ে দেয়। আমরা ওদের ভয়ে বরিশালের বাইরে অবস্থান করছি।’