শিবিরকে দায়ী করে দোষীদের শাস্তির দাবি জানাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, ছাত্রশিবির বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। তাদের সেই হুমকির ফলে তৌহিদের ওপর এমন বর্বরোচিত হামলা চালানো হলো।
হামলার ঘটনায় এখনো মামলা না করার বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তৌহিদের মা-বাবা ঢাকায় অবস্থান করায় মামলা করতে দেরি হচ্ছে। তাঁরা রাজশাহীতে এলে তাঁদের সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যেই মামলা করা হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতর্কিত হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা তৌহিদের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। শিবির এই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।