রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, ছাত্রশিবির বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। তাদের সেই হুমকির ফলে তৌহিদের ওপর এমন বর্বরোচিত হামলা চালানো হলো।
কেন্দ্রীয় ছাত্রলীগ গতকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো বিক্ষোভ হয়নি। এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তার প্রতি সম্মান দেখিয়ে বিক্ষোভ না করে সংবাদ সম্মেলন করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়েছে।
হামলার ঘটনায় এখনো মামলা না করার বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তৌহিদের মা-বাবা ঢাকায় অবস্থান করায় মামলা করতে দেরি হচ্ছে। তাঁরা রাজশাহীতে এলে তাঁদের সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যেই মামলা করা হবে।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতর্কিত হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা তৌহিদের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ। শিবির এই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।