শিবিরকে প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি!
সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কারণে দেশব্যাপী যখন ইসলামী ছাত্রশিবিরের মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তখন স্বয়ং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রকাশ্যে সমাবেশ করেছে তারা।
গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভেতরে অনুষ্ঠিত এই সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দুই নেতাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এঁদের অধিকাংশই বহিরাগত।
একদিকে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলেও শিবিরকে প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা এর প্রতিবাদও জানান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গতকাল সোমবার সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এসে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিবিরের নেতা-কর্মীরা। পরে জোহরের নামাজের পরই কেন্দ্রীয় মসজিদের ভেতরে মূল সমাবেশে মিলিত হন তাঁরা।
এতে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সমাজসেবাবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক বদিউল আলম, বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশ করার বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়েই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছি এবং নির্দিষ্ট সময়েই আমাদের কর্মসূচি শেষ করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান বলেন, ‘শিবির আমাদের কাছ থেকে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। আমরা তাদের অনুমতি দিই।’
ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও শিবিরকে অনুমতি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ ওসমান বলেন, ‘আমরা তাদের সীমিত আকারে অনুষ্ঠান করতে বলি।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ক্যাম্পাস অস্থিতিশীল করার হুমকি দিয়ে শিবির এমন কর্মসূচি পালনের অনুমতি আদায় করে নেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২৯ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই শিবিরের এই গোপন বৈঠক। ভবিষ্যতে যদি ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও প্রশাসন শিবিরকে সমাবেশ করার অনুমতি দেয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তা প্রতিহত করব।’