শিবিরনিয়ন্ত্রিত দুই শতাধিক মেসের সাইনবোর্ড উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের বিভিন্ন মেসে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও সন্ত্রাসীদের অবস্থান ঠেকাতে পুলিশ আড়াই বছর আগে মেসে বসবাসকারী শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের উদ্যোগ নেয়। এখনো প্রায় ৭০০ মেস কর্তৃপক্ষ পুলিশকে তা সরবরাহ করেনি। পুলিশ বলছে, এই ৭০০ মেসের অধিকাংশই ছাত্রশিবিরের নিয়ন্ত্রণাধীন। দুই সপ্তাহে দুই শতাধিক মেসের সাইনবোর্ড মেসমালিকেরা সরিয়ে ফেলেছেন।রংপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে কয়েক দিনে দুই শতাধিক মেসে অভিযান চালানো হয়। শিবিরনিয়ন্ত্রিত এসব মেসে এখন শিক্ষার্থী নেই বললেই চলে। ১২ ফেব্রুয়ারি রাতে শহরের জুম্মাপাড়ার পাঁচটি মেসে অভিযান চালিয়ে একজন শিক্ষার্থীকেও পাওয়া যায়নি। এই পাঁচটি মেস থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। মেসগুলোর সাইনবোর্ডও নেই।পুলিশ সূত্র জানায়, কারমাইকেল কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজের আশপাশসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় শিক্ষার্থীদের বসবাসের জন্য প্রায় দেড় হাজার মেস রয়েছে। এসব মেস থেকে গিয়ে শিবিরের নেতা-কর্মীরা নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিপক্ষের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ কারণে মেসগুলোয় অবস্থানকারী শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত দেওয়ার জন্য ২০১০ সালের জুনে পুলিশের পক্ষ থেকে মেসমালিকদের ফরম সরবরাহ করা হয়। সেই ফরমে শিক্ষার্থীর বাড়ির ঠিকানা ও কোন শিক্ষাপ্রতিষ্ঠানে, কোন বিভাগে পড়ছে, তা উল্লেখ থাকবে। এ ছাড়া শিক্ষার্থী কবে মেসে আসছে, কবে মেস ছেড়ে চলে যাচ্ছে, এর হিসাবও থাকছে। এতে শিক্ষার্থীদের সম্পর্কে মেস কর্তৃপক্ষসহ পুলিশের জানা থাকবে।পুলিশ জানায়, নগরের কলেজপাড়া, দর্শনা মোড়, আশরতপুর, চকবাজার, পার্কের মোড়, মডার্ন মোড়, কেডিসি রোড, চুড়িপট্টি, খামার, কলেজ রোড, বনানীপাড়া, আদর্শপাড়া, বালাপাড়া, তাজহাট, বাবুপাড়া, স্টেশন, বাবুখা, কামারপাড়া, জলকর, জুম্মাপাড়া, রাধাবল্লভ, খলিফাপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় সব মিলিয়ে প্রায় দেড় হাজার মেস রয়েছে। একেকটি মেসে গড়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে।কলেজপাড়ার নামহীন একটি ছাত্রাবাসের মালিক নজিমুল মিয়া জানান, মেসের শিক্ষার্থীরা ফরম জমা না দেওয়ায় পুলিশকে তা জমা দেওয়া সম্ভব হয়নি। আশরতপুর এলাকার নামহীন আরেকটি মেসের মালিক শাহীনুল হোসেন বলেন, ‘বাড়ির গোপনীয়তা পুলিশকে জানানোর প্রয়োজন মনে করিনি বলে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত দেওয়া হয়নি।’চকবাজার এলাকার সূচনা মেসের মালিক মোসলেম উদ্দিন বলেন, ‘পুলিশের ফরম পেয়েছি। কিন্তু মেসে বসবাসরত শিক্ষার্থীরা সহযোগিতা না করায় ফরম জমা দেওয়া সম্ভব হয়নি।’অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রশিদুল হাসান জানান, অপরাধীরা শিক্ষার্থী সেজে মেসগুলোয় অবস্থান করে। তাদের অবস্থান জানতে ফরম তৈরি করে মেসমালিকদের দেওয়া হলেও, প্রায় ৭০০ মেস আড়াই বছরেও ফরম জমা দেননি তাঁরা। দুই সপ্তাহে দুই শতাধিক মেসের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে।