শিবিরপন্থী সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল শনিবার বিকেলে শিবিরপন্থী এক সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ কর্মসূচি থেকে ক্যাম্পাসে শিবিরের সাংবাদিকদের অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। আবু তাহের মো. সাত্তার ওরফে তাহের টোটন নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে প্রজন্ম চত্বর নিয়ে কটূক্তি, জামায়াত-শিবিরের গুপ্তচরবৃত্তি ও প্রেসক্লাবের ভুয়া পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের আন্দোলনের বিরোধিতা করে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে। আবু তাহের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কর্মরত।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবু তাহেরের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ হয়। এ সময় শিক্ষার্থীরা শিবিরের সব সাংবাদিককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।শিক্ষার্থীদের দাবি, আবু তাহের নিজেকে প্রেসক্লাবের আহ্বায়ক পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের পক্ষের আন্দোলনের বিরোধিতা করে বিবৃতি দেওয়াসহ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আমি প্রজন্ম চত্বর নিয়ে কোনো কটূক্তি করিনি। এ ছাড়া অন্যান্য বিষয়ে আমি কী বলব, বুঝতে পারছি না।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অনুমোদিত কোনো কমিটি নেই। কেউ প্রেসক্লাবের কমিটির নাম ব্যবহার করলে সেটি অবৈধ।