শিবিরমুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্রসংগ্রাম পরিষদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্রশিবিরমুক্ত শিক্ষাঙ্গন গড়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ‘অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ছাত্রসংগ্রাম পরিষদ’ গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজ ক্যাম্পাসকে হত্যা ও নৃশংসতার রাজনীতিমুক্ত করার জন্য দলমতনির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাসদ-ছাত্রলীগ, ছাত্রমৈত্রী এবং ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা অসাম্প্রদাায়িক-গণতান্ত্রিক ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, জাসদ ছাত্রলীগের সভাপতি তৈমুর ফারুক, ছাত্র ইউনিয়নের সভাপতি রফি আহমেদ, ছাত্রমৈত্রীর আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জামায়াত-শিবিরকে জঙ্গি সংগঠন ঘোষণা করে তাদের নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে তাঁরা ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীর ওপর হামলাকারী শিবিরের ক্যাডারদের ছাত্রত্ব বাতিলের দাবি জানান।প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বান: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ বিশ্ববিদ্যালয়কে হত্যা, ষড়যন্ত্র ও নৃশংসতার রাজনীতিমুক্ত করার জন্য দলমতনির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী ছাড়াও অধ্যাপক অরুণ কুমার বসাক, জালাল উদ্দিন, আনন্দ কুমার সাহা, এস এম আবু বকর, এন্তাজুল এম হক, মোখলেছুর রহমান, সফিকুনবী সামাদী, দুলাল চন্দ্র বিশ্বাস, চিত্ত রঞ্জন মিশ্র, মলয় ভৌমিক, বিধান চন্দ্র দাস, আব্দুল জলিল, আনিসুর রহমান, আব্দুল খালেক, ছাদেকুল আরেফিন, শহীদ ইকবাল, শামসুদ্দিন ইলিয়াস, মশিহুর রহমান, হাসিবুল আলম প্রধান, মুসতাক আহমেদ, তারেক নূর, অভিজিত্ রায়, ফারুক শাহ, লিটন হোসেনসহ বিভিন্ন বিভাগের ৩০১ জন শিক্ষক সই করেন।