শিবিরে ঠাঁই নেই, অন্যত্র যাচ্ছে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরগুলোতে ঠাঁই না হওয়ায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন পাহাড়-জঙ্গল ও লোকালয়ে আশ্রয় নিচ্ছে। অনেকে বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে পাড়ি জমাচ্ছে।
মিয়ানমার সীমান্ত ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা জোরদার থাকলেও রোহিঙ্গাদের আসা থামছে না। গত সোমবার সকালে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাদামতলীতে রোহিঙ্গাদের ১৫-২০ জনের একটি দলকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক থেকে কক্সবাজার শহরমুখী যানবাহনে উঠতে দেখা গেল। কিছুক্ষণ পর কয়েক শ গজ পশ্চিমে কুতুপালং বাজারে গিয়েও শহরমুখী বিভিন্ন যানবাহনে বেশ কিছু রোহিঙ্গাকে উঠতে দেখা গেছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা ছিল।
একটি পরিবারের কর্তা আবদুল গফুর (৪৫) বলেন, ১১ ডিসেম্বর স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কুতুপালং অনিবন্ধিত শিবিরে এসেছিলেন। শিবিরে জায়গা না পেয়ে সবাইকে নিয়ে কক্সবাজার শহরে যাচ্ছেন। কক্সবাজার পৌরসভার খাজামঞ্জিল পাহাড়ে তাঁর কয়েকজন নিকটাত্মীয় (রোহিঙ্গা) থাকেন। আপাতত সেখানে আশ্রয় নেবেন। গফুরের বাড়ি রাখাইনের বলিবাজারে।
গফুরের ভাষ্য, ১০ ডিসেম্বর সেনা ও পুলিশ তাঁদের গ্রামে হামলা চালায়। তাঁর বাড়িসহ ২৪টি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়।
রহিম উল্লাহ ও সলিম উল্লাহ নামে দুই রোহিঙ্গা বলেন, গত ৯ অক্টোবর রাখাইনে তিনটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনার পর সেনা ও পুলিশ নাইছাপ্রাং, কাউয়ালবিল, গজারবিল, রইগ্যাদং, রাইম্যবিল, নাকপুরা, পেরাংপুরুসহ মংডু শহরের আশপাশের রোহিঙ্গা-অধ্যুষিত অন্তত ২৩টি গ্রামে গণহত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ শুরু করে।
কুতুপালং অনিবন্ধিত শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সিদ্দিক বলেন, এই শিবিরে নতুন আশ্রয় নিয়েছে প্রায় ১২ হাজার রোহিঙ্গা। কয়েক বছর ধরে আছে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা। এখন আসা রোহিঙ্গাদের ঠাঁই দেওয়া সম্ভব হচ্ছে না। শিবিরের আশপাশেও নতুন ঘরবাড়ি তৈরির সুযোগ নেই। তাই বাধ্য হয়ে রোহিঙ্গারা কক্সবাজার শহর ও চট্টগ্রামের দিকে চলে যাচ্ছে।
টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, এই শিবিরে ২০১৪ সাল থেকে বাস করছে প্রায় ৫ হাজার পরিবারের ৩৭ হাজার রোহিঙ্গা। এখন আশ্রয় নিয়েছে আরও ১০ হাজার। ঠাঁই না হওয়ায় শত শত রোহিঙ্গা কক্সবাজার শহরের দিকে চলে যাচ্ছে।
লেদা শিবিরের সি ব্লকের আবদুর রহিমের বাড়িতে অবস্থান করছেন ৯ ডিসেম্বর রাখাইনের নাকপুরা থেকে পালিয়ে আসা আবদুল মালেক ও ফজর রহমানের পরিবারের ১৩ সদস্য। মালেক বলেন, ‘ছোট একটা কক্ষে স্ত্রী, দুই কিশোরী মেয়ে ও ছোট দুই শিশু নিয়ে আছি। ঠিকমতো ঘুমানো যাচ্ছে না। তাই কক্সবাজারের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এক দালাল মাথাপিছু তিন হাজার টাকায় বৈদ্যঘোনা পাহাড়ে পৌঁছে দেওয়ার কথা বলছে। এত টাকা হাতে নেই।’
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, নতুন করে আসা রোহিঙ্গারা শহরের বিভিন্ন পাহাড়ে বাস করা রোহিঙ্গা পরিবারের সঙ্গে মিশে যাচ্ছে। জেলার শ্রমবাজার এখন রোহিঙ্গাদের দখলে। অনেকে বাড়তি আয়ের জন্য বনাঞ্চল উজাড় করছে। রোহিঙ্গারা অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ায় সামাজিক ও জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, দালালের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। আবার দালালের মাধ্যমে তারা এদিক-সেদিক যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে একজন নারীসহ ১৯ দালালকে আটক করে কারাগারে পাঠিয়েছে। অন্য দালালদেরও ধরার চেষ্টা চলছে। তিনি বলেন, রোহিঙ্গা শিবিরগুলোর কোনোটিতে সীমানাপ্রাচীর বা কাঁটাতারের বেড়া নেই। ফলে পাহাড় ও জঙ্গলবেষ্টিত শিবিরগুলোতে যে কেউ আসা-যাওয়া করতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শহরের বিভিন্ন পাহাড়ে লাখো রোহিঙ্গার বসতি। সেখানে যোগ
হচ্ছে আরও রোহিঙ্গা। রোহিঙ্গা বসতির কারণে সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গাদের চেহারা এবং ভাষার মিল থাকায় রোহিঙ্গারা সহজে এদিক-সেদিক যাওয়ার সুযোগ পাচ্ছে।