
>শিবিরগুলোতে লেগেছে পরিবর্তনের হাওয়া। সচেতনতা বেড়েছে সবার মধ্যেই। জন্মনিয়ন্ত্রণের প্রতিও কারও কারও আগ্রহ বাড়ছে।
কক্সবাজারে সকাল আটটা বাজার আগে থেকেই শুরু হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থার গাড়ির লাইন। গন্তব্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির। আবার বেলা সাড়ে তিনটা নাগাদ কক্সবাজারে ফেরার প্রস্তুতি শুরু। উখিয়ায় পৌঁছার আগে থেকেই রাস্তার দুপাশে সাইনবোর্ডে লেখা, ‘বাসা ও এনজিওর অফিস ভাড়া দেওয়া হবে’।
১২ ও ১৩ আগস্ট পর্যন্ত কক্সবাজার থেকে উখিয়ার বিভিন্ন শিবিরে আসা–যাওয়ার পথে এ ধরনের চিত্রই দেখা গেল। দীর্ঘদিন ধরে শিবিরগুলোতে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলছিলেন, এক বছর আগে আর বর্তমানের যে পরিবর্তন, তাকে আকাশ-পাতাল পরিবর্তনই বলা যায়।
উখিয়ার কুতুপালংয়ে বালুখালী-২–এর ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরে গিয়ে দেখা যায়, ছোট ছোট দোকানে মিয়ানমারের আইওনসি নামের একটি ফলের ছড়াছড়ি। দেশটির নুডলস, আচার রাখা আছে দোকানে। বাজু, থামিসহ বিভিন্ন কাপড় বিক্রি হচ্ছে। বেশির ভাগ দোকানেই নারী ক্রেতার উপস্থিতি।
কয়েকটি দোকানে ল্যাপটপে রাখাইনের জনপ্রিয় গায়কের গান বাজিয়ে তরুণেরা শুনছেন। শিঙাড়া, পুরিসহ বিভিন্ন খাবার বিক্রি করা দোকানে রঙিন টেলিভিশনে হিন্দি সিনেমা দেখানো হচ্ছে। দুপুর বেলায় বেঞ্চে পা তুলে দিয়ে রোহিঙ্গা পুরুষেরা সিনেমা দেখছেন।
শিবিরের ভেতরে গীতা জুয়েলার্সের বাঙালি মালিক সজল ধর জানালেন, অনেকেই আসছেন তাঁদের সংগ্রহে থাকা বিভিন্ন গয়না মেরামতের জন্য। দু-একজন আসছেন নতুন টুকিটাকি গয়না কেনার জন্য।
রাখাইনে মাদ্রাসায় শিক্ষকতা করতেন ৯ সন্তানের জনক মৌলভি মো. শহীদ। চোখের সামনেই তাঁর মাদ্রাসাটি জ্বালিয়ে দেওয়ার স্মৃতি ভুলতে পারেননি এখনো। শিবিরে সমস্যার কথা জানতে চাইলে শহীদ এক নম্বরে বললেন শৌচাগারের কথা। আর জানালেন ডালের কথা। রোহিঙ্গারা ডাল খেতে পারেন না। ডাল খেলেই ডায়রিয়া হয়। কিন্তু চাল, তেলের পাশাপাশি খাদ্যতালিকায় মাসের পর মাস তাঁরা ডাল পাচ্ছেন। এ ডাল স্থানীয় জনগণের কাছে বিক্রি করা ছাড়া আর উপায় থাকে না। আর তৃতীয় নম্বরে জানালেন কবরস্থানের স্বল্পতার কথা। এভাবেই পাল্টে যাচ্ছে চাওয়া–পাওয়ার হিসাব।
আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড উখিয়ার কুতুপালং, বালুখালীতে ময়নারঘোনা ক্যাম্পে সাইট ম্যানেজমেন্টের মাধ্যমে প্রায় দেড় লাখ মানুষের পুরো কার্যক্রমে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে। এ সংস্থার হিউম্যানিটেরিয়ান রেসপন্সের প্রধান আবদুল আলিম বললেন, প্রথম তিন মাস ছিল ভয়াবহ পরিস্থিতি। রোহিঙ্গাদের থাকা, খাওয়াসহ মৌলিক চাহিদা পূরণই কঠিন ব্যাপার ছিল। আস্তে আস্তে থাকা, খাওয়ার ব্যবস্থার পাশাপাশি নিরাপদ পানি, পয়োনিষ্কাশনসহ অন্যান্য চাহিদার দিকে নজর বাড়ানো হয়। এখন যুবদের কর্মসংস্থান, সুশাসন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন কার্যক্রমে মানদণ্ড নির্ধারণের মতো বিষয়গুলোতে নজর দেওয়া হচ্ছে।
শিবিরের রাস্তার পাশে ছোট ছোট দোকানে সবজি, মাছ, মাংস, কসমেটিকস, জামাকাপড়, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলাসহ বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম বেশি, তাই ফার্মের মুরগির কদর বেশি। তাই বেশ কয়েকজন তরুণকে দেখা গেল, দোকানের এক পাশে মুরগি পালা শুরু করেছেন। রোহিঙ্গা যুবকদের বেশির ভাগের হাতেই মুঠোফোন, তাই মুঠোফোন সারাইয়ের দোকানও চোখে পড়ে।
শিবিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত এবং রেশনের চাল ও ডাল বিক্রি করে যাঁদের হাতে একটু বেশি টাকা থাকে, তাঁরা অন্যদের তুলনায় কিছুটা আয়েশিভাবে দিন কাটান। সেলুনে মুখ পরিষ্কার ও মাথায় কলপ দিতে দেখা গেল কয়েকজনকে। রাস্তায় কিশোরীদের তেমন একটা দেখা যায় না। যারা বের হয়েছে তাদের অনেকেই মুখে চন্দনের গুঁড়া মেখে, ঠোঁটে লিপস্টিক ও অন্যান্য সাজগোজ করে চলাফেরা করছে।
সেতারা বেগম, সেনোয়ারাসহ বেশ কয়েকজন নারী লাজুক হেসে জানালেন, মিয়ানমারে থাকতেই তাঁরা অনেকগুলো সন্তান জন্ম দিয়েছেন। বাংলাদেশে এসে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির কথা প্রথম জানতে পেরেছেন। সেনোয়ারা স্বামীর অনুমতি নিয়েই আর যাতে সন্তান না হয়, সে জন্য বড়ি (জন্মনিয়ন্ত্রণ পিল) খাচ্ছেন আর সেতারা বেগম হাতে তিন মাস পরপর ইনজেকশন দিচ্ছেন।
২৭ বছরের রহমা খাতুন বিয়ের ৯ বছরের মাথায় পাঁচ সন্তান জন্ম দিয়েছেন। নিজের হাতে কুশির কারুকাজ করা কালো বোরকা গায়ে দিয়ে কয়েক মাস বয়সী মেয়েকে কোলে নিয়েই কথা বলছিলেন তিনি। গোপন কথা জানানোর মতোই জানালেন, স্বামীকে না জানিয়েই জন্মনিয়ন্ত্রণের জন্য হাতে ইনজেকশন নিচ্ছেন। অ্যাকশনএইডের কাছ থেকে পাওয়া ‘ডিগনিটি কিট’-এর সব জিনিসের মধ্যে নারীদের অন্তর্বাস ও প্যান্টি দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন। প্রথম দিকে লজ্জা পেলেও এখন মাসিকের সময় এ প্যান্টি ব্যবহারও করছেন বলে জানালেন।
এফডিএসআর-কেয়ার পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মেডিকেল অফিসার সাজ্জাদ হোসেন জানালেন, বর্তমানে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের জন্য শুধু নারী নয়, আগ্রহী পুরুষের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে।
১৩ আগস্ট অ্যাকশনএইডের দেশীয় পরিচালক ফারাহ কবির ময়নারঘোনা ক্যাম্পে বসেই প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা নারী-পুরুষ আস্তে আস্তে এখানে যেসব সংস্থার কর্মীরা কাজ করছেন, তাঁদের প্রতি আস্থা রাখতে শুরু করেছেন। মনের কথাগুলো বলতে শুরু করেছেন। মাসিক, জন্মনিয়ন্ত্রণের মতো বিষয়ে আগে কথাই বলা যেত না। এখন এই নারীরাই স্যানিটারি প্যাড, কাপড় ব্যবহার করছেন। বাল্যবিবাহের কুফলসহ নানান বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনে যতই পরিবর্তনের ছোঁয়া লাগুক, ক্যাম্পের নারী, পুরুষ এমনকি শিশুরা পর্যন্ত বলছিল, তাড়িয়ে দিলেও দেশের জন্যই তাদের মন পোড়ে। তবে মিয়ানমার সরকার যথাযথ সম্মান দিয়ে নিয়ে গেলেই কেবল তারা দেশে ফিরবে, এর আগে নয়।