ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করার সন্দেহে গতকাল রোববার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করা হয়। আটক হওয়া আটজনই শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান সাত শিবিরকর্মী। আর বহিরাগত শিবিরকর্মীকে আটক করে সিলেট জালালাবাদ থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের পাশের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে সন্দেহজনক ঘোরাফেরার কারণে আটজনকে আটক করে প্রক্টরের কাছে হস্তান্তর করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা। এই সাতজন হলেন: বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী নোমান সালেহীন, একই বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শাহাব উদ্দিন, ওই বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী জাবেদুর রহমান, বাংলা বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শামসুদ্দিন, লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী নুসনে আহমদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সোহরাব উদ্দিন। আটক হওয়া বহিরাগত অপর শিবিরকর্মীর নাম শামীম। পরে ‘ভবিষ্যতে এ ধরনের কাজ করব না’ মর্মে প্রক্টরের কাছে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান বিশ্ববিদ্যালয়ের সাত শিবিরকর্মী। তবে বহিরাগত শিবিরকর্মী শামীমকে সিলেট জালালাবাদ থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।