শিবিরের আট কর্মী গ্রেপ্তার
সীতাকুণ্ড উপজেলাধীন সৈয়দপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে নাশকতার পরিকল্পনাকালে আট শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া আটজন হলেন জুয়েল (২৫), আকবর হোসেন এমরান (২৩), আরিফ হাসান (১৮), রুবেল (১৮), মোশারফ হোসেন (২০), আরাফাত (১৮), ইমাম হোসেন (২০) ও ফারুক হোসেন (১৮)। তাঁদের সবাই সীতাকুণ্ডের বাসিন্দা।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাতচর এলাকার বেড়িবাঁধের পাশে কেওড়া বনে ওই শিবির কর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করে।পরিদর্শক আমিনুল জানান, গ্রেপ্তার হওয়া শিবির কর্মীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। এদিকে গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ বাইপাস এলাকা থেকে সাকিব মো. ফজলে রিজভি (১৭) নামের আরেক শিবির কর্মীকে আটক করেন স্থানীয় লোকজন। মহাসড়কে একটি বাসে পাথর ছুড়লে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রিজভি উপজেলার মুরাদপুর ইউনিয়নের মহানগর এলাকার বাসিন্দা।