গাজীপুরে বৃহস্পতিবার হরতালের সময় আটক ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে জয়দেবপুর থানার পুলিশ। এর মধ্যে একটি মামলা করা হয়েছে বাসে আগুন দিয়ে চালক নজরুল ইসলামকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে।
শিবিরের কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল শুক্রবার আদালতে পাঠায় পুলিশ। আদালত আজ শনিবার শুনানির দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর এলাকার গোলাম কিবরিয়া (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাশেদ হাসান (২০), মুক্তাগাছা উপজেলার ঈশ্বর গ্রামের নাজমুল হাসান (১৯), গফরগাঁও উপজেলার খোরশেদ মহর এলাকার মো. হাসিব (১৮), বগুড়ার গাবতলী উপজেলার রাহিমাপাড়ার মো. আসিফ হোসেন (১৫), নোয়াখালীর চাটখিল উপজেলার ভিমপুর এলাকার মো. নাঈম (১৯), বান্দরবানের আলীকদম উপজেলার ব্যাপারীপাড়ার ইব্রাহিম সিদ্দিকী (২০) ও ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েতনগর এলাকার শাহজালাল (১৮)।
জয়দেবপুর থানার পুলিশ জানায়, জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এ সময় আগুনে গুরুতর দগ্ধ হন ওই বাসের চালক নজরুল ইসলাম। আগুনে বাসের যাত্রী ও চালকের আসনসহ বেশির ভাগ অংশ পুড়ে যায়। নজরুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
একই দিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকা থেকে একটি ককটেল, গান পাউডার, পেট্রলসহ শিবিরের আট কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ। দুটি মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে।
অন্যদিকে বাসে আগুন দিয়ে চালককে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে শিবিরের কর্মীদের বিরুদ্ধে মামলা করেন একই থানার এসআই জহিরুল ইসলাম। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয় বলে জয়দেবপুর থানার ওসি জানিয়েছেন।