শিবিরের আতঙ্কে হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালীন ছুটি শুরু হওয়ার দুই দিন আগেই গতকাল শুক্রবার নিরাপত্তার অভাবে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছেন। বিকেলে জামায়াত-শিবিরের বহিরাগতরা ক্যাম্পাসে উপাচার্যকে এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পরামর্শবিষয়ক পরিচালক শাহাদাৎ হোসেন খান বলেন, ১৬ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হবে। কিন্তু নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা সকাল থেকে যে যার যার মতো করে ক্যাম্পাস ত্যাগ করেছেন।
শিক্ষার্থীরা জানান, বহিরাগত জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা একাধিকবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেছে। ছাত্র-জনতা মিলে তা ঠেকানো হয়েছে। কিন্তু পুলিশ-বিজিবি বা প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিধানে ক্রমাগতভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. হারুন-অর-রশিদ জানান, বিকেল পাঁচটার দিকে জামায়াত-শিবিরের বহিরাগত প্রায় ৫০ থেকে ৬০ জন ক্যাডার ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ, আনসার ও শিক্ষক-কর্মচারীরা প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে দুই ফটকে অবস্থান নেয়। ফলে উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিনসহ বেশ কয়েকজন শিক্ষক কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েন।