সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবু লেইছ (৩২), আবদুল আজিজ (১৭), মো. শফিকুল ইসলাম (২২), উবায়দুর রহমান (২৩), মো. জসিম উদ্দিন (২৯), ওলিউর রহমান (২৪) ও শরিফুল ইসলাম (২৩)।পুলিশ জানায়, এঁরা সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিবিরকর্মী। তাঁরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় করা তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল্লাহ আল আজাদ জানান, গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযম গ্রেপ্তার হওয়ায় গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। এর জের ধরে ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিবির-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়।আরও তিন মামলা: ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় শিবিরের ডাকা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে ১৬ জানুয়ারি নগরের টিলাগড় ও খাসদবীর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাসে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা নেতা-কর্মীদের আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত সোমবার রাতে মহানগরের শাহপরান ও বিমানবন্দর থানায় আরও দুটি মামলা করা হয়েছে। ১৬ জানুয়ারি শহরতলির টুকেরবাজারে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী বদরুল ইসলাম বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেছেন। শিবিরের কয়েকজন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলায় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। ১১ জানুয়ারি সংঘর্ষ ও শিবিরের ধর্মঘট চলাকালে চোরাগোপ্তা হামলার ঘটনায় এ নিয়ে ছয়টি মামলা হলো।