শিবিরের কর্মীদের বোমায় তিন পুলিশ আহত
রাজধানীর হাজারীবাগে গতকাল শনিবার বিকেলে পুলিশের সঙ্গে ‘শিবিরের কর্মীদের’ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিবিরের কর্মীদের ছোড়া বোমা বিস্ফোরণে পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের গুলিতে আহত হয়েছেন আবদুল মালেক (২৭) নামের এক যুবক।
আহত তিন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ও আবদুল মালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৫২টি ককটেল উদ্ধার করেছে বলে জানা গেছে।
হাজারীবাগ থানার পুলিশ জানায়, হাজারীবাগের চরকঘাটা নামক স্থানে চারতলা বাড়িতে শিবিরের কর্মীরা বোমা তৈরি করছেন, এমন খবরের ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারেন। এতে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম এবং কনস্টেবল মো. রাশেদ ও মো. হাশেম আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে শিবিরের কর্মী আবদুল মালেকের ডান পায়ে হাঁটুর নিচে গুলি লাগে।
হাজারীবাগ থানার এসআই জিয়াউল হক বলেন, বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। এর ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালাতে গিয়েছিল। গত শুক্রবারও অভিযান চালিয়ে হাজারীবাগের একটি বাসা থেকে জামায়াতের দুই রুকনসহ পাঁচজনকে আটক করা হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়েও শিবিরের কর্মীরা এ বোমা হামলার ঘটনা ঘটাতে পারেন।