সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবিরের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে তাণ্ডব চালিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর ও গাড়ির চাবি কেড়ে নেওয়াসহ চোরাগোপ্তা হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সিলেট নগরের বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা পাঁচটি বাস ক্যাম্পাসের দিকে আসতে থাকে। এ সময় বাসগুলোতে শিবিরের কর্মী-সমর্থকেরা চোরাগোপ্তা হামলা ও ভাঙচুর চালান। নগরের সুবিদবাজার, ইলেকট্রিক সাপ্লাই, মদিনা মার্কেট এলাকা থেকে বিশ্ববিদ্যালয়মুখী তিনটি গাড়ির চাবি কেড়ে নিয়েছেন শিবির-সমর্থকেরা। সকাল পৌনে নয়টার দিকে ক্যাম্পাসমুখী বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-জ-১১-০০৬৭) নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় পৌঁছালে ধর্মঘট-সমর্থক শিবিরের কর্মীরা সেটিতে হামলা চালিয়ে বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে ফেলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক এ কে এম ফেরদৌস আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, বাসের কাচ ভেঙে ফেরদৌস মাথা ও হাতে আঘাত পান। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। টিলাগড় থেকে ছেড়ে আসা অপর আরেকটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রে-ব-১১-১৬৪২) সকাল সাড়ে নয়টার দিকে সোনারপাড়া এলাকায় পৌঁছায়। ওই বাসেও হামলা চালিয়ে শিবিরের কর্মীরা বাসের ভেতরে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে আহত করেছেন। এ সময় শিবিরের কর্মীরা ইটপাটকেল ছুড়লে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এম এইচ জামিলের দুই পাটির বেশ কয়েকটি দাঁত পড়ে যায়। সহপাঠীদের সহায়তায় জামিলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলমের ওপর অতর্কিত হামলা চালান শিবিরের চার-পাঁচজন কর্মী। বদরুল আলম অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। শিবিরের কর্মীরা তাঁকে পিটিয়ে রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ফেলে যান। প্রত্যক্ষদর্শী স্থানীয় শামীম আহমদ বলেন, ‘ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি চার-পাঁচজন যুবক রামদা, কুড়ালসহ বদরুলকে গরু কাটার মতো কোপ দিচ্ছে। আমি এগিয়ে গেলে যুবকেরা দৌড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’ বদরুল প্রথম আলোকে বলেন, ‘শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে।’ কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক সুমিত কুমার বসাক বলেন, ‘বদরুলের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতের তিনটি গভীর ক্ষত ছিল। অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ বন্ধ করা গেছে এবং সে এখন সার্জারি বিভাগে চিকিৎসাধীন।’ এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে শিবিরের চোরাগোপ্তা হামলার কারণে গতকাল দুপুর থেকে কোনো বাস চলাচল করেনি। এ ছাড়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সকালে একটি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হলেও বেশির ভাগ বিভাগেই কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। পুলিশ প্রশাসন আসামিদের গ্রেপ্তারে আরও জোর প্রচেষ্টা চালাবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আগামীকাল থেকে পুলিশি প্রহরায় বাস চলাচল করবে।’