শিবিরের কিশোরীরা প্রায় ঘরবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণে বাঁচতে মিয়ানমার থেকে গুলি খেয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে ১০ বছর বয়সী রোহিঙ্গা শিশু মো. ইদ্রিস। গত বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে গুলির সেই ক্ষতচিহ্ন দেখাচ্ছে ইদ্রিস l ছবি: রয়টার্স
প্রাণে বাঁচতে মিয়ানমার থেকে গুলি খেয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে ১০ বছর বয়সী রোহিঙ্গা শিশু মো. ইদ্রিস। গত বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে গুলির সেই ক্ষতচিহ্ন দেখাচ্ছে ইদ্রিস l ছবি: রয়টার্স

কক্সবাজার জেলার উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের একাধিক শিবির। একটি শিবির বালুখালী ২/২ নামে পরিচিত। শিবিরটি গোছানো। এর তথ্যকেন্দ্রটি একটি টিলার ওপর। গতকাল সোমবার ওই কেন্দ্রে গিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের পরিস্থিতি জানার সুযোগ হয়। দুই ঘণ্টায় ৪০ জনের বেশি এসেছিলেন। অধিকাংশ বললেন নানা অসুখের কথা। কেন্দ্রে থাকা এনজিওকর্মীরা তাঁদের পাশের তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন।

রোহিঙ্গা শিবিরগুলোতে জাতিসংঘের সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান তথ্যকেন্দ্র খুলেছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকা এসব কেন্দ্রে কাজ করেন দেশি এনজিওকর্মীরা।

বালুখালী ২/২ শিবিরের তথ্যকেন্দ্রে কথা হয় এক নারীর সঙ্গে। এম-৫ নম্বর ব্লকে থাকেন। মিয়ানমারের রাচিডঙয়ে বাড়ি ছিল। পাঁচ মাস আগে বাংলাদেশে এসেছেন। দুই কিশোরী মেয়েসহ পরিবারে আটজন সদস্য, ঘর দুটি। কিশোরীদের একজনের বয়স ১৪, অন্যজনের ১২ বছর। তিনি বললেন, শুধু প্রাকৃতিক প্রয়োজন ছাড়া দুই কিশোরী ঘর থেকে বের হয় না। ‘কেন?’—এর উত্তরে তিনি বললেন, ‘প্রয়োজন নেই তাই।’

জানা গেল, শিবিরের কিশোরী-তরুণীদের সবার অবস্থাই এমন। বলতে গেলে প্রায় ঘরবন্দী। আগে আসা রোহিঙ্গাদের স্থায়ী শিবিরে ২০১৫ সালে জরিপ করেছিল ইউএনএইচসিআর ও ইউএন উইমেন। ৩ হাজার রোহিঙ্গার ওপর করা ওই জরিপে ৫৩ শতাংশ উত্তরদাতা বলেছিল, নারীদের ঘরের বাইরে বের হওয়া উচিত নয়। উত্তরদাতা নারীদের ৪২ শতাংশ বলেছিলেন, তাঁরা দিনে ২১ থেকে ২৪ ঘণ্টা ঘরেই থাকেন।

রোহিঙ্গা শিবিরগুলোতে কন্যাশিশু আর বয়স্ক নারীদেরই কেবল চোখে পড়ে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জাতীয় যোগাযোগ কর্মকর্তা শিরীন আখতার প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা শিবিরগুলোতে প্রজনন স্বাস্থ্য, কিশোরী স্বাস্থ্য নিয়ে আইওএমসহ অনেকে কাজ করছে। মাঠকর্মীরা কিশোরীদের উঠান বৈঠকে আনতে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ছেন। অনেক কিশোরী অপরিচিত মানুষ, এমনকি নারীর সামনেও বের হয় না।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অভিবাসন নারীর জন্য নানা ঝুঁকি তৈরি করে। জোর করে অভিবাসন যৌন নির্যাতনসহ নানা ঝুঁকি প্রকট করে।

ইউএনএফপিএর আর্থিক সহায়তায় স্থানীয় একটি এনজিও ‘নারী বান্ধব সেবা কেন্দ্র’ পরিচালনা করে বালুখালীর একটি শিবিরে। গতকাল ওই কেন্দ্রের একজন কর্মকর্তা বলেন, সেবা নিতে আসা রোহিঙ্গা নারীদের কাছ থেকে তাঁরা নারী নির্যাতনের ঘটনা শুনছেন।

এ ব্যাপারে ইউএনএফপিএর এদেশীয় প্রতিনিধি সত্যনারায়ণ দোরাস্বামী প্রথম আলোকে বলেন, ‘অনেক ঘটনা ঘটে, কিন্তু জানা যায় কম। কোনো সংখ্যায় প্রকৃত পরিস্থিতি প্রকাশ না–ও পেতে পারে।’

তথ্যকেন্দ্রের একজন বললেন, গত রোববার একজন নারী একটি তথ্যকেন্দ্রে এসেছিলেন বিচার চাইতে। তাঁর আট সন্তান। এক ঘরে থাকলেও স্বামী তাঁর যত্ন নেন না। কেন্দ্রের লোকজন সমাধান দিতে পারেননি। অন্তঃসত্ত্বা আরেক নারী এসেছিলেন আরও গুরুতর অভিযোগ নিয়ে। তাঁর সাতটি সন্তান আছে। স্বামী আরেকটি বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন, তাঁকে ঘর থেকে বের করে দিয়েছেন।

নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে। এদের ৫৩ শতাংশ নারী। যাদের ৫৪ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। এদের একটি বড় অংশ অন্তঃসত্ত্বা। অনেক পরিবারের প্রধান নারী।

ইউএনএফপিএ তাদের প্রতিবেদনে বলেছে, রোহিঙ্গা নারীরা শিবিরে এসে আশ্রয় নেওয়ার পর নির্যাতনের শিকার হওয়া বিশেষ উদ্বেগের বিষয়।

গত তিন দিনে বেশ কয়েকটি শিবির ঘুরে নির্যাতনের কথা জানা গেছে। কিন্তু নির্যাতনের ঘটনার তথ্য রাখার কোনো ব্যবস্থা চোখে পড়েনি।