শিবিরের কোচিং সেন্টারের শিক্ষকসহ গ্রেপ্তার ৯
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে শিবির-নিয়ন্ত্রিত কোচিং সেন্টারের পরিচালক, শিক্ষকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি শিবিরের ঝটিকা মিছিল এবং মিছিল থেকে হামলার সঙ্গে তাঁরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।গত শনিবার রাতে বায়েজিদ বোস্তামি, পাহাড়তলী, কোতোয়ালি ও চান্দগাঁও থানা এলাকা থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ও যানবাহন ভাঙচুরের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রবাহ কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন (২৬), সহকারী নির্বাহী পরিচালক কায়সার (৩০) ও শিক্ষক তৌহিদুল ইসলাম (২৩) রয়েছেন। নগরের অক্সিজেন এলাকা থেকে রাতে বায়েজিদ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।একই থানার পুলিশ নগরের শেরশাহ এলাকা থেকে জামাল আবদুল সাদেক (৩০) ও জাকির হোসেন (৩০) নামে অপর দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে।অন্যদিকে নগরের পাহাড়তলী থানার পুলিশ রাতে নুরুল আলম (৫৫) নামে জামায়াতের এক আমিরকে গ্রেপ্তার করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, পুলিশের ওপর সম্প্রতি ঘটে যাওয়া হামলাসহ বিভিন্ন অস্থিতিশীল কর্মকাণ্ডে তাঁরা জড়িত ছিনেল। তাই গ্রেপ্তার করে কোতোয়ালি থানার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।এ ছাড়া কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন আবদুস ছালাম (১৮) ও দেলোয়ার হোসেন (১৯)। চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. ইয়াছিনকে।