শিবিরের ক্যাডার নাসিরের সহযোগী শিবচরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ছাত্রশিবিরের ক্যাডার নাসিরের সহযোগী ইয়াজ্জেম হোসেন ওরফে রোমানকে গত শনিবার মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়। ইয়াজ্জেমের বাড়ি শিবচরের বাঁশকান্দিতে।শিবচর থানার পুলিশ জানায়, শনিবার দুপুরে ইয়াজ্জেমকে আটকের পর রাতে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে শেখপুরের একটি ক্লাবের পেছন থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর মানিব্যাগ থেকে শিবচরের বিএনপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে লেখা একটি চিঠি পাওয়া গেছে। ইয়াজ্জেমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল রোববার তাঁকে মাদারীপুর আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ইয়াজ্জেম গতকাল সকালে শিবচর থানাহাজতে নিজেকে মাদারীপুর জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকের বদলিতে হস্তক্ষেপ করায় আমাকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে।’তবে শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী বলেন, ‘ইয়াজ্জেম জেলা, উপজেলাসহ বিএনপির কোনো কমিটিতে নেই। তিনি ছাত্রশিবিরের ক্যাডার নাসিরের সহযোগী। নিজেকে বাঁচাতে তিনি বিএনপির পরিচয় দিচ্ছেন।’ যোগাযোগ করা হলে শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘ইয়াজ্জেম চট্টগ্রাম ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী নাসিরের ঘনিষ্ঠ সহচর। জিজ্ঞাসাবাদের সময় ইয়াজ্জেম আমাকে মুঠোফোনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলারও প্রস্তাব দেন যাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’ওসি বলেন, গতকাল ইয়াজ্জেমকে মাদারীপুর আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।