শিবিরের জেলা সভাপতিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে ছাত্রলীগের নেতা রাজিউল ইসলাম মোস্তাকের রগ কর্তনের ঘটনায় ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ গত শুক্রবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা করেন। মামলায় মোস্তাককে হত্যার উদ্দেশ্যে মারধর ও জখম করার অভিযোগ আনা হয়।
মামলায় ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি সরওয়ার কামাল সিকদার ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, শহর শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, শিবিরের কক্সবাজার সরকারি কলেজ শাখার নেতা হাসান মো. ইয়াছিন, আইয়ুব আনসারী, তারেক আজিজসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম হোসেন বলেন, আসামিদের সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের ধরার চেষ্টা চলছে। তিনি জানান, শুক্রবার পুলিশ শহরে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মী কামাল হোসেন, আবুল মনজুর ও সাইফুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরাও আসামি।
গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের ছাত্র রাজিউল ইসলাম মোস্তাককে (২১) বেদম মারধর করে দুর্বৃত্তরা। এ সময় মোস্তাকের ঠোঁট ও ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। মোস্তাক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ বলেন, মোস্তাকের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার কক্সবাজার শহর, টেকনাফ, উখিয়া ও চকরিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।