শিবিরের ঝটিকা মিছিল থেকে ২ পুলিশকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের এই কর্মী পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের গাড়িতেই হামলা চালান। চট্টগ্রামের বাদুরতলা এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: প্রথম আলো
শিবিরের এই কর্মী পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের গাড়িতেই হামলা চালান। চট্টগ্রামের বাদুরতলা এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে টহল পুলিশের দুই সদস্যকে বেদম পেটানো হয়েছে। শিবিরকর্মীরা পুলিশের একটি বন্দুকও কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়ের ভিডিও সাংবাদিক মামুনও হামলার শিকার হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।
আহত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক মিঠু ও কনস্টেবল সাইফুল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, বেলা পৌনে ১১টার দিকে বাদুরতলা এলাকায় শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করেন।

চট্টগ্রামের বাদুরতলা এলাকায় শিবিরের এককর্মী পুলিশের এই অস্ত্র ছিনিয়ে নেন। পরে এই অস্ত্র দিয়েই পুলিশের গাড়িতে হামলাও চালান। পরে তা ফেলে রেখে যান। ছবি: প্রথম আলো
চট্টগ্রামের বাদুরতলা এলাকায় শিবিরের এককর্মী পুলিশের এই অস্ত্র ছিনিয়ে নেন। পরে এই অস্ত্র দিয়েই পুলিশের গাড়িতে হামলাও চালান। পরে তা ফেলে রেখে যান। ছবি: প্রথম আলো

এ সময় সেখান দিয়ে যাওয়া পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালিয়ে তাঁরা ওই গাড়িটিসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ছাড়া তাঁরা দুই পুলিশ সদস্যকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করেন। ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে ভিডিও সাংবাদিক মামুনকে মারধর করা হয়। এ সময় মিছিলকারীরা পুলিশের কাছ থেকে একটি বন্দুক কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। ১০-১৫ মিনিটের মধ্যেই এ হামলা চালিয়ে পালিয়ে যান মিছিলকারীরা।