শিবিরের ঝটিকা মিছিল পুলিশের ওপর হামলা

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাতিল এবং ভোটার তালিকা থেকে যুদ্ধাপরাধীদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, নোয়াখালী ও রাজশাহীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: গতকাল দুপুরে লাঠিসোঁটা নিয়ে শহরে ঝটিকা মিছিল করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তাঁরা সড়কের বেশ কয়েকটি স্থানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন এবং টায়ারে অগ্নিসংযোগ করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল থেকে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
নোয়াখালী: পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বেলা দুইটার দিকে শহরের পৌর বাজার থেকে জেলা জামে মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা চারটি মাইক্রোবাস ও সিএনজিচালিত তিনটি অটোরিকশা, দুটি ব্যাংকের কাচ ভাঙচুর ও কয়েকটি দোকানে ইটপাটকেল নিক্ষেপ করেন।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিষ্কৃতি চাকমা প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হন।
রাজশাহী: দুপুরে নগরে একটি ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন শিবিরের কর্মীরা। এতে পুলিশের দুই সদস্যসহ সাতজন আহত হন। তাঁদের মধ্যে পুলিশের এক উপপরিদর্শককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে শিবিরের কর্মীরা নগরের গণকপাড়া এলাকা থেকে একটি মিছিল বের করেন। গণকপাড়া মোড়ে এসে তাঁরা একটি পুলিশভ্যান ও পুলিশের ব্যবহূত দুটি হিউম্যান হলার সামনে পেয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালান। তাঁরা পুলিশের তিনটি গাড়িসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। এ সময় একটি হিউম্যান হলারের ভেতরে চালক বসেছিলেন। ভাঙা কাচে তাঁর হাত কেটে যায়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।