শিবিরের তাণ্ডব, গাড়ি ভাঙচুর, আগুন
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার সন্ধ্যায় ফেনীর মহিপালে ২০ থেকে ২২টি যানবাহনের কাচ ভাঙচুর এবং দুটি ট্রাক ও একটি লরিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এক ব্যক্তিকে ধরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের হাতে তুলে দেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ২৫-৩০ জন শিবির কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী সড়কের সংযোগস্থল মহিপালে অতর্কিতে যানবাহনের ওপর হামলা ও ভাঙচুর শুরু করেন। তাঁরা সাত-আটটি যাত্রীবাহী বাস ও ট্রাকের কাচ ভাঙচুর করেন। এ সময় তাঁরা আগুন দিয়ে একটি ট্রাক পুড়িয়ে দেন। পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকটি শটগানের গুলি ছুড়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া দমকল বাহিনীও সেখানে উপস্থিত হয়ে ট্রাকের আগুন নেভানোর চেষ্টা করে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সামছুল আলম সরকার শিবির কর্মীরা একটি ট্রাকে অগ্নিসংযোগ করার সত্যতা নিশ্চিত করেন। এদিকে শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল নিক্ষেপ করেন শিবিরের কর্মীরা। এতে অটোরিকশায় আগুন ধরে সেটি পুড়ে যায়। জামায়াতের জেলা সেক্রেটারি এ কে এম সামছুদ্দিন জানান, ভাঙচুর ও ট্রাকে অগ্নিসংযোগের কথা শুনেছেন। কিছু কর্মী নিষেধ সত্ত্বেও এটি করেছেন বলে তিনি স্বীকার করেন।