শিবিরের দুই কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে ককটেল হামলার মামলায় গ্রেপ্তার দুই শিবির কর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মোহাম্মদ ইউসুফ ও তৌহিদুল ইসলাম।

গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের খাস কামরায় তাঁরা হামলার ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে দুই আসামি উল্লেখ করেন, ঘটনার দিন ১০ সেপ্টেম্বর তাঁরা হাটহাজারী সড়কের ফতেয়াবাদ ছড়াকূল এলাকায় পাহারায় ছিল। পুলিশ আছে কি না সেই খবর বড়ভাইদের জানানোর দায়িত্ব ছিল তাঁদের। প্রথমে হাটহাজারী সড়কের বড়দিঘীর পাড় এলাকায় হামলার জন্য জায়গা নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়। নগরের অক্সিজেন এলাকা থেকে সিএনজি অটোরিকশা করে এবং বিশ্ববিদ্যালয় থেকে সিএনজি অটোরিকশা করে ছয় থেকে সাতজন এসে এ হামলা চালায়। পরে তারা ছড়ারকূল বালুরটাল এলাকার পূর্বদিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে ককটেল হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে হামলায় ছয় থেকে সাতজন অংশ নেওয়ার কথা স্বীকার করেন।

জবানবন্দি শেষ হওয়ার পর আদালত প্রাঙ্গণে দুই আসামির কাছে জানতে চাইলে তাঁরা প্রথম আলোকে বলেন, ‘যা বলার আদালতে বলেছি।’