নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রশিবিরের দুই নেতাকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এ দুজনকে পাঁচ শ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও চুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোছাদ্দেক হোসাইন এবং যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও চুয়েট ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-মাসায়াব। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ২০১১ সালের ১৬ জুন থেকে ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩ আগস্ট শিবিরের কর্মীরা বঙ্গবন্ধু হলের সামনে সমাবেশ করেন। এরপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শৃঙ্খলা বিধি অনুসারে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।