চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ও ছাত্রাবাস থেকে পেট্রলবোমা উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের নাম উল্লেখ করে সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তবে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে আসামি করা হয়নি।
সরকারি কাজে বাধাদান ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাকিম বাদী হয়ে গত সোমবার রাতে মামলাটি করেন। এতে ১০৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল প্রথম আলোকে বলেন, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে সংঘর্ষের ঘটনায় দণ্ডবিধির কয়েকটি ধারায় শিবিরের ২২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এদিকে সোহরাওয়ার্দী ছাত্রাবাসে পুলিশ পাহারা অব্যাহত আছে। সংঘর্ষের পর তল্লাশি চালিয়ে ছাত্রাবাসের ভেতর থেকে পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ। নিরাপত্তার জন্য সেখানে কোনো ছাত্রকে থাকতে দিচ্ছে না পুলিশ। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এ কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সোহরাওয়ার্দী ছাত্রাবাস খোলা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।