শিবিরের ধর্মঘট ছাত্রলীগের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রশিবির অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডাকলেও কোনো নেতা-কর্মীকে ক্যাম্পাসে দেখা যায়নি। বরং ক্যাম্পাসের দখল ছিল ছাত্রলীগের হাতে। শিবিরের কর্মসূচির বিরুদ্ধে ছাত্রলীগ গতকাল শনিবার ক্যাম্পাসে মিছিল করে। তবে ছাত্র ধর্মঘটের প্রভাবও পড়েনি। ক্যাম্পাস সূত্র জানায়, চমেক ছাত্রাবাস থেকে গ্রেপ্তার হওয়া দলীয় ৩৯ কর্মীর মুক্তির দাবিতে গতকাল থেকে চমেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল শিবির। কিন্তু ধর্মঘট ডাকলেও তাদের ক্যাম্পাসে দেখা যায়নি। পুলিশের ওপর হামলার অভিযোগে গত ১৮ নভেম্বর এই ৩৯ কর্মী গ্রেপ্তার হন। চমেক অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর জানান, ‘ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্লাস হয়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন বর্ষের ক্লাস চলতে দেখা গেছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, ‘শিবির নাশকতা করতে পারে ওই আশঙ্কায় দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবির ধর্মঘট ডাকলেও সবকিছু স্বাভাবিকভাবে চলেছে।’ শুক্রবার রাতে ছাত্রশিবির একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। পরে তা ভেঙে ফেলে গতকাল শনিবার ক্লাস নেওয়া হয়।