চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে ছাত্রশিবির। গতকাল বুধবার বিকেলে ছাত্রশিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল গতকাল সকাল ১০টায় খুলে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৬৩ জন ছাত্র এই হলে উঠেছেন। আবাসিক ছাত্ররা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে ও একটি নির্দিষ্ট ফরম পূরণ করে হলে ওঠেন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে শিবিরের দুই নেতা নিহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল এবং ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। তবে শাহ আমানত হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিন দুপুরে হলটি সিলগালা করে দেয়। আর ছাত্রশিবির শাহ আমানত হল খুলে দেওয়াসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন থেকেই ধর্মঘট আহ্বান করে। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মুহাম্মদ আশিকুল্লাহ ধর্মঘট স্থগিত হওয়া প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠক করে আমাদের দাবি পেশ করেছি। তিনি দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে আমাদের আংশিক দাবি পূরণ হয়েছে এবং অন্য দাবিগুলো ক্রমান্বয়ে পূরণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। অনেক বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শাহ আমানত হল খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে পর্যাপ্ত পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ শাহ আমানত হলে উপস্থিত থেকে বৈধ ছাত্রদের হলে ওঠার বিষয়টি তদারক করেন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহসহ সিন্ডিকেট সদস্য ও পরিবেশ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।