শিবিরের নতুন কর্মসূচি ‘ক্যাম্পাস ঘেরাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অচল করার হুমকি দিয়ে ধর্মঘট ডাকা ইসলামী ছাত্রশিবির এবার ‘ক্যাম্পাস ঘেরাও’ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মীরা জরুরি সভায় মিলিত হয়ে ‘ক্যাম্পাস ঘেরাও’ করার সিদ্ধান্ত নেন। গতকাল বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরুরি সভার বরাত দিয়ে এ কর্মসূচির কথা জানানো হলেও কর্মসূচি পালনের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক মোজাম্মেল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় ইসলামী ছাত্রশিবিরের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসের সার্বিক বিষয় আলোচনা-পর্যালোচনা শেষে অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে না নিলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আগামী সপ্তাহে ক্যাম্পাস ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।’জানতে চাইলে প্রচার সম্পাদক বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের স্বার্থেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে আগামী সপ্তাহে ক্যাম্পাস ঘেরাওয়ের দিনক্ষণ ঠিক করা হবে।’গত ১১ জানুয়ারি ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর থেকে শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলছাড়া হয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে নেতা-কর্মীদের হল থেকে কয়েক লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এ দাবি না মানায় ১৫ জানুয়ারি থেকে শিবির অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করে।বাসায় ফিরেছেন মিজবাহ: বিশ্ববিদ্যালয়ের বাসে শিবিরের হামলায় আহত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিন গতকাল দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত মঙ্গলবার সকালে নগরের শাহি ঈদগাহের কাছে বিশ্ববিদ্যালয়গামী বাসে ধর্মঘট পালনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। বাসে থাকা মিসবাহের চোখে কাচের গুঁড়া পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা মিসবাহকে কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হবে।’