চট্টগ্রাম থেকে শিবিরের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর ছাত্রশিবিরের সহসভাপতি তারেকুল আলমকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকা থেকে তাঁকে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
এ বছরের ৭ আগস্ট পূর্ব গোড়ানের ভাড়া বাসায় নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ সূত্র জানায়, তারেকুল আলম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের মাস্টার্সের ছাত্র। তাঁর ভাই মুস্তফা নূর সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদকও ছিলেন।
মুস্তফা নূর প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাঁদের এক আত্মীয়ের খোঁজ নিয়ে নগরের লালখান বাজারে ফেরার পথে প্রবর্তক মোড় এলাকায় পুলিশ তারেকুলকে আটক করে। তিনি বলেন, ‘আমার জানামতে নিলয় খুনের সঙ্গে তারেক জড়িত নয়। ফেসবুকে সে নিলয় খুন নিয়ে পোস্ট বা কমেন্ট দিতে পারে। এ কারণে পুলিশ তাঁকে আটক করতে পারে।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ব্লগার নিলয় খুনের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শিবিরের নেতা তারেকুল আলমকে আটক করে। অভিযানে আমরা গোয়েন্দা পুলিশকে সহযোগিতা করি। রোববার দুপুরে তারেকুলকে নিয়ে গোয়েন্দা পুলিশ ঢাকায় রওনা হয়।’
জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ব্লগার খুনের ঘটনায় তারেকুল আলমকে আটক করেছে ঢাকার ডিবি। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ২৩টি নাশকতার মামলা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পণ্য ও যাত্রীবাহী গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার সঙ্গে তিনি জড়িত ছিলেন।