চট্টগ্রামে স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় পুলিশ মামলা করেছে। ছাত্রশিবিরের সাতজনের নাম উল্লেখ করে গতকাল শুক্রবার মামলাটি করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল। এ মামলায় আরও ৩০-৪০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।আসামিরা হলেন মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজন নেতা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। গত বৃহস্পতিবার সকালে নগরের মোমিন রোডের হেমসেন লেনের মুখে টায়ারের সঙ্গে ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এতে স্প্লিন্টারের আঘাতে স্কুলছাত্রী অন্ত বড়ুয়ার ডান চোখের কর্নিয়ায় আঁচড় লাগে। এ কারণে তার চোখের ভ্রুতে সেলাই দিতে হয়েছে। ঘটনার সময় মায়ের হাত ধরে অন্ত কোচিং সেন্টারে যাচ্ছিল। অন্ত চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, অন্ত আহত হওয়ার ঘটনায় ছাত্রশিবিরের সাত নেতার নামে মামলা হয়েছে। পরিবারের কেউ এগিয়ে না আসায় পুলিশ মামলাটি করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্তর অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্তর বাবা অঞ্জন বড়ুয়া বলেন, ‘আমার মেয়ের অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে যন্ত্রণায় এখনো কাতরাচ্ছে।’