বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ব্লগার তন্ময় আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও গাইবান্ধা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুলি গ্রামের আমিনুল ইসলাম (২৩), গাইবান্ধা সদর উপজেলার মিরপুর গ্রামের মোস্তফা মঞ্জিল (২৯) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের রবিউল ইসলাম (২২)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রবিউল ইসলামকে ঢাকার তেজগাঁও, মোস্তফা মঞ্জিলকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজার ও রবিউল ইসলামকে অভিরামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিমের আদালতে আবেদন জানানো হয়েছে। আদালত ২৭ আগস্ট রিমান্ডের শুনানির দিন ধার্ষ করেছেন। তিনি দাবি করেন, গ্রেপ্তারকৃতরা শিবিরের কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ আগস্ট রাতে পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ব্লগার তন্ময় আহমেদ রিকশায় পাঁচ বন্ধুকে নিয়ে পলাশবাড়ী উপজেলা শহরে যাচ্ছিলেন। পলাশবাড়ী সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে নয়জন দুষ্কৃতকারী তাঁর ওপর হামলা চালায়।