চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত দুই ক্যাডারকে চলতি বছরের জন্য ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ৪ জানুয়ারি সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ইমরুল হাসান ও মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এই দুজন গত বছরের ৮ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে শিবিরের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরা দুজনই ফৌজদারি মামলার আসামি। মহাজোট সরকারের শেষ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের অস্তিত্ব টিকিয়ে রাখার পাশাপাশি যেকোনো মুহূর্তে পাল্টা আক্রমণে যাওয়ার জন্যই মূলত এই দুই ক্যাডারকেই শিবিরের মূল মসনদে বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ৮ ফেব্রুয়ারি সংঘর্ষের দিন ইমরুল হাসান ও মোস্তাফিজুর রহমানকে শিবিরের হয়ে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে এই দুজনসহ শিবিরের আরও ১০ নেতা-কর্মীকে আটক করেছিল পুলিশ।পরে সংঘর্ষে শিবিরের দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগের করা একটি পাল্টা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তবে গত বছরের ১২ জুলাই তাঁরা জামিনে মুক্তি পান। এর পর থেকে এই দুই নেতার নেতৃত্বে ক্যাম্পাসে আবারও শক্ত অবস্থান তৈরি করে শিবির। প্রতিপক্ষ দুই সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের অন্তঃকোন্দলের সুযোগ নিয়ে ক্যাম্পাসে তাঁরা নিয়মিত মহড়া দিচ্ছেন।শিবিরের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া ইমরুল হাসান গণিত বিভাগের স্নাতকোত্তর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তাফিজুর রহমান মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী।তবে ছাত্রশিবিরের এই দুই নেতা নিজেদের ক্যাডার হিসেবে পরিচয় দিতে নারাজ। শিবিরের বিশ্ববদ্যািলয় শাখার সভাপতি ইমরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘শিবির ক্যাডারের রাজনীতিতে বিশ্বাসী নয়। শিবির মেধার মাপকাঠিতেই নেতা নির্বাচন করে। আমাদেরকে যাঁরা ক্যাডার বলছেন, তাঁরাই মূলত ক্যাডারের রাজনীতি করেন।’ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানও একই কথা বলেছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন মৌলবাধ বিরোধী রাজনীতি করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল মনসুর জামশেদ প্রথম আলোকে বলেন, ‘শিবির-জামায়াত চক্র দেশব্যাপী যেভাবে ধ্বংসযজ্ঞ শুরু করেছে, এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও রামরাজত্ব কায়েম করার লক্ষ্যে চিহ্নিত ক্যাডারদেরকেই নেতৃত্বে বসিয়েছে। প্রশাসনের উচিত তাদের কঠোরভাবে দমন করা।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মামুনুল হক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো দুটি গুরুত্বপূর্ণ পদে দুই ক্যাডারকে বসিয়েছে। এর মাধ্যমেই প্রমাণিত হয়, কারা ক্যাডারের রাজনীতি করে।’ইতিমধ্যে ক্যাম্পাসকে ২৩টি শাখায় ভাগ করে বিশ্ববিদ্যালয় শাখার পরিপূর্ণ কমিটিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এসব শাখায়ও মেধাবী ও যোগ্যতার পরিবর্তে ক্যাডারদেরই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে।