শিবিরের নয়া কৌশল
অনুমতি ছাড়া মানববন্ধন করতে গিয়ে বরিশালে ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে তাঁদের আটক করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে সারা দেশে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না ছাত্রশিবির। এ অবস্থায় বরিশালে তারা নতুন কৌশল বেছে নেয়। গতকাল তারা নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ইভ টিজিং, মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চাইলে জেলা ছাত্রশিবিরের সভাপতি নাছিরউদ্দিন, পশ্চিম জেলার সভাপতি আজম খান, মহানগর সভাপতি মো. সাইফুল ইসলাম, সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, কর্মী রুহুল আমীন ও মিজানুর রহমানকে আটক করা হয়।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশের অনুমতি ছাড়া মানববন্ধন করতে চাইলে সেখান থেকে শিবিরের ছয়জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম বলেন, ‘শিবির পুলিশের কাছে অনুমতি চেয়েছিল, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি চাইলে পাওয়া যাবে না, আবার অনুমতি ছাড়া কর্মসূচি করা যাবে না—এটা কেমন কথা! সরকার শুধু আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে।’