শিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাস থেকে গত বৃহস্পতিবার রাতে শিবিরের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালাই থানার পুলিশের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।সদর ও কালাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের দেওয়ানপাড়া জিএম ছাত্রাবাস থেকে গ্রেপ্তার হওয়া ওই পাঁচজন হলেন, জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র আবু হানিফ (২০), ইব্রাহিম হোসেন (২১), আনিছুর রহমান (২৩), আমিনুল ইসলাম (১৯) ও ফারুক হোসেন (২১)। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, কালাই থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় নেতা-কর্মী। আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।কালাই থানার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাহসিন জামান বলেন, গত ১৯ সেপ্টেম্বর কালাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় কালাই থানার পুলিশ মামলাটি করে। এদিকে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল খালেক দাবি করেন, তাঁদের সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা ওই ঘটনায় আদৌ জড়িত নয়, মামলার এজাহারেও তাঁদের নাম নেই।