শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা মাঠে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কালো পোশাকে শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা মাঠে নেমেছেন। গত দুদিনের হরতালে তাঁরা মাঠে বেশ তৎপর ছিলেন। এ সময় অনেকের পিঠে ব্যাগও ছিল। পুলিশের ধারণা, ওই ব্যাগে ককটেলসহ বিস্ফোরক দ্রব্য থাকতে পারে।খোঁজ নিয়ে জানা গেছে, দুদিনের হরতালে উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা পিকেটিং করেন। এর মধ্যে সোমবার সকালে হরতালের সমর্থনে ছাত্রশিবিরের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে কালো শার্ট পরিহিত বেশ কয়েকজন প্রশিক্ষিত ক্যাডার ছিলেন। তাঁদের অনেকের মুখে ও মাথায় কালো কাপড়ও বাঁধা ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রশিবিরের মধ্যমসারির এক নেতা জানান, উপজেলার ১০টি ইউনিয়ন থেকে চৌকস শিবির কর্মীদের নিয়ে ‘কালো পোশাকধারী ফাইটার টিম’ গঠন করা হয়েছে। তাঁরা পুলিশি গ্রেপ্তার এড়ানো ও সরকারি দলের কর্মীদের হামলার প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিয়ে হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে মাঠে থাকবেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর এই টিম গঠন করা হয়।তবে পৌর ছাত্রশিবিরের সভাপতি ফজলুল করিম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের মিছিলে পাঁচ-ছয় শ নেতা-কর্মী হন। এতে কালো শার্ট পরে যে কেউ আসতে পারেন। এটি ভিন্ন কোনো পরিকল্পনা নয়। এ নিয়ে তো আর কেউ প্রশ্ন তোলেননি।’যোগাযোগ করা হলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘মিছিলটি আমরা দেখেছি। কালো শার্ট পরা কয়েকজনের পিঠে থাকা ব্যাগে ককটেলসহ বিস্ফোরক দ্রব্য ছিল বলে আমাদের ধারণা। তারা ব্যাপক নাশকতা চালানোর উদ্দেশ্যে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’