শিবিরের বিক্ষোভ, ছাত্রলীগের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে৷ গতকাল মঙ্গলবার ছাত্রশিবির ক্যাম্পাসে ওই বিক্ষোভ করে। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে শক্তির মহড়া দিয়েছে।
চলতি বছরের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ ও মাইকে প্রচার এবং ব্যানার, পোস্টার, প্রচারপত্র সাঁটা ও বিতরণ নিষিদ্ধ করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা শিবির ও ছাত্রলীগ গতকাল নিষেধাজ্ঞা অমান্য করে ওই সব কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, গতকাল বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহরিয়ারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। খবর পেয়ে পুলিশ আসার আগেই সেখান থেকে চলে যান শিবির নেতা-কর্মীরা। দীর্ঘদিন পর ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য মিছিলের কারণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। মিছিল শেষ হলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ফটক থেকে শিবির সন্দেহে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। মেহেদী ইসলাম শিক্ষা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র৷
এ ছাড়া দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন, তন্ময়ানন্দ অভি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দেন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গণতান্ত্রিক উপায়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছি। আজ বুধবারের মধ্যে রাসেলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবারে ক্যাম্পাসে ধর্মঘট পালন করা হবে।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শিবিরের কর্মীরা ক্যাম্পাসে ঝটিকা মিছিল বের করেছেন—এ তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ পেঁৗছার আগেই তাঁরা পালিয়ে যান। চারুকলা এলাকা থেকে শিবির সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনে হামলায় আহত হন রাসেল।