শিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবির ঝটিকা মিছিল থেকে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একাধিক জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নগরের কাজীর দেউড়ি এলাকায় সিএনজি-চালিত অটোরিকশার এক চালক আহত হয়েছেন। শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে মিছিলগুলো বের হয়। গতকাল দুপুরে ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন মো. জামশেদ নামের অটোরিকশার এক চালক। ছাত্রশিবির কাজীর দেউড়ি থেকে ঝটিকা মিছিল বের করে আসকারদীঘি পাড় এলাকায় পার হওয়ার সময় ককটেলের বিস্ফোরণ ঘটালে জামশেদ আহত হন। গতকাল সকালের দিকে নগরের ষোলশহর ২ নম্বর এলাকায় শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। পরে পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে চলে যান। যাওয়ার সময় ষোলশহর বিপ্লব উদ্যানের কাছে পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে অবশ্য কেউ হতাহত হয়নি।