শিবিরের মিছিল থেকে ছোড়া ইটে পুলিশ কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল দুপুরে হালিশহর ও প্রবর্তক এলাকায় ছাত্রশিবির মিছিল করেছে। হালিশহরে শিবিরকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হন। আহত উপপরিদর্শকের নাম অলি উল্লাহ। তিনি হালিশহর থানায় কর্মরত। পুলিশ শিবিরকর্মীদের ধাওয়া করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শিবিরের উভয় মিছিলই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার মো. তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, পুলিশের ভ্রাম্যমাণ দলের সদস্যদের সতর্ক থাকতে বলা সত্ত্বেও তাঁরা মাথায় হেলমেট পরেননি। ফলে ইটপাটকেলের আঘাতে অলি উল্লাহ আহত হন। জানা যায়, গোলাম আযমকে গ্রেপ্তার করা হতে পারে—এমন জল্পনাকল্পনা থেকে পুলিশ ও ছাত্রশিবির উভয় পক্ষই সতর্ক ছিল। শিবিরের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত চকবাজার, চট্টগ্রাম কলেজ, মুরাদপুর ও হালিশহর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ছাত্রশিবিরের নগর কার্যালয় আর ইসরা ভবনেও নজরদারি রাখা হয়। কিন্তু ওই সব জায়গায় শিবিরের কোনো অবস্থানই ছিল না। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা দুপুরে প্রবর্তক মোড় থেকে ঝটিকা মিছিল শুরু করে। সেটি চকবাজার আসার আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব ফটক পেরিয়ে শেষ হয়ে যায়। এ জায়গায় কোনো পুলিশ ছিল না। চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের পিছু নিয়েছে। তাই মিছিল শুরু আর শেষ দুটোই হয়েছে দ্রুতগতিতে।’ তবে হালিশহরের নয়াবাজারে শিবির মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মামলা হবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।