শিবিরের মিছিল থেকে পুলিশকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় পুলিশের এক কর্মকর্তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবিরের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার হঠাৎ মিছিল বের করে ওই ঘটনা ঘটানো হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা।
পুলিশের আহত উপপরিদর্শক (টিএসআই) আকরামকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া আটটার দিকে শিবিরের কর্মীরা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত গুলশান সিনেমা হলের সামনে মিছিল বের করেন। এ সময় তাঁদের সবার হাতে ছিল লাঠিসোঁটা। মিছিলটি ডিআইটি এলাকায় গণবিদ্যা নিকেতন স্কুলের সামনে গেলে সেখানে দায়িত্বে থাকা টিএসআই আকরামের ওপর হামলা চালিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরে শহরের মণ্ডলপাড়া ব্রিজের ওপরে সমাবেশ করে তাঁরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।