শিবিরের মেসবাড়িতে ককটেলের 'খনি'
ছোট্ট ঝুল বারান্দার গ্রিলে ঝুলছে লুঙ্গি-স্যান্ডো গেঞ্জি। পাশেই জুতা রাখার খয়েরি রঙের একটি আলমারি (সু র্যাক)। সু র্যাকটির ওপরে পুরোনো পত্রিকা বিছিয়ে এক জোড়া জুতা রাখা। এ পর্যন্ত এসে পুলিশ বা অন্য কারোরই কোনো সন্দেহ হয়নি। সু র্যাকটি খুলতেই চোখ ছানাবড়া। সেখানে সাজানো সারি সারি ককটেল।
গতকাল রোববার রাতে রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে প্রায় দেড় শ ককটেল ও ককটেল তৈরির প্রচুর উপকরণ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ সাত-আটজন ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস বানিয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, সেটি শিবিরের মেস।
পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলি নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালান তাঁরা। প্রাথমিক হিসাবে মনে হয়েছে, সেখানে দেড় শ ককটেল রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, স্থানীয় ছাত্রলীগের ছেলেরা হাসান নামের এক শিবিরকর্মীকে সন্দেহবশত অনুসরণ করে এই মেস খুঁজে বের করে। প্রথম তল্লাশিতে শিবিরের কিছু ক্রেস্ট, কাগজপত্র, ইসলামি বই পাওয়া যায়। কিন্তু বারান্দায় রাখা জুতার বাক্স খুলতেই দেখা যায় সারি সারি ককটেল সাজানো।
কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (ফারুক) প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে তাঁরা পান্থপথ মোড় থেকে সন্দেহভাজন হিসেবে শিবিরের কর্মী হাসানকে আটক করেন। হাসানের সঙ্গে ব্যাগ কাঁধে আরও দুজন ছিলেন। তাঁরা দুজন দৌড়ে পাশের সাইফুরস কোচিং সেন্টারে ঢুকে পড়েন। হাসানের সঙ্গে তাঁর দেখানোমতে ওই ফ্ল্যাটে এসে শিবিরের কিছু কাগজপত্র, ক্রেস্ট পাওয়া যায়। তিনি বলেন, ‘আমরা ভাবছিলাম শিবিরের মেস, এখন তো দেখি ককটেলের খনি।’
ককটেল উদ্ধারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা জানান, তাঁরা সেখান থেকে টোগল সুইচ, তারসহ বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের বেশ কিছু উপকরণ পেয়েছেন। যে কারণে তাঁদের ধারণা হয়েছে, এখান থেকে উন্নতমানের বোমা প্রস্তুত করা হতো। সেগুলো সময় অথবা দূরনিয়ন্ত্রিত।
রাত ১১টার দিকে ওই ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, সবকিছু এলোমেলো। বোমা তৈরির উপকরণ পাথরকুচি, সাদা পাউডার, তার ইত্যাদি এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটির দুই ছাত্রের, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের এক ছাত্রীর, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ও সাইফুরস কোচিংয়ের এক ছাত্রের পরিচয়পত্র জব্দ করেছে পুলিশ।