শিবিরের সঙ্গে গোলাগুলিতে তিন পুলিশসহ আহত ৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের গোলাগুলি হয়েছে। এতে তিন পুলিশসহ চারজন আহত হয়েছেন। পুলিশ এ সময় অস্ত্রসহ পাঁচ শিবির কর্মীকে আটক করে।আহত ব্যক্তিরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী শফিকুল ইসলাম, কনস্টেবল বেলায়েত হোসেন, আবদুল মান্নান ও শিবির কর্মী মো. ইকবাল। গুরুতর আহত ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম পুলিশ লাইনসের রিজার্ভ কর্মকর্তা কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার সিকদার বাড়িতে শিবির কর্মী ইকবালের খামারবাড়িতে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীসহ তিনটি একনলা বিদেশি বন্দুক, ১৬টি গুলি, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী জানান, গ্রেপ্তার করা শিবির কর্মীরা দীর্ঘদিন ধরে এওচিয়া এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলেন। ইকবালের খামারবাড়িতে শিবির নাশকতার পরিকল্পনা করছিল, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। সাতকানিয়া থানায় শিবির কর্মীদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে এসআই কাজী শফিক বাদী হয়ে দুটি পৃথক মামলা করেন। ইকবালের নামে সাতকানিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে।সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া বলেন, গ্রেপ্তার সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় সাতকানিয়া এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।